অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি আগের তুলনায় উন্নত হয়েছে।
সোমবার রাজধানীর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ইআরএফ ইনস্টিটিউটের একাডেমিক কার্যক্রম উদ্বোধন এবং ‘কর্পোরেট খাতে আর্থিক স্বচ্ছতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে। তবে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো।”
অনুষ্ঠানে সাবেক বাণিজ্য সচিব শুভাশীষ বসু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। পরে সংবাদকর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ হিসেবে ইআরএফ ইনস্টিটিউট উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা।
ইআরএফ সভাপতি দৌলত আকতার মালার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার, ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি এনকেএ মবিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম।

নিজস্ব প্রতিবেদক 


















