উত্তর আফ্রিকার লিবিয়ার পূর্বাঞ্চলীয় মরুভূমি থেকে পাঁচজন অভিবাসীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহগুলো ‘গ্রেট স্যান্ড সি’ এলাকা থেকে উদ্ধার করা হয়, যা তবরুক শহরের দক্ষিণে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
স্থানীয় এনজিও ও কর্তৃপক্ষের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। রেড ক্রিসেন্ট জানায়, এটি প্রমাণ করে অভিবাসীদের মরুভূমি পাড়ি দেওয়ার যাত্রা কতটা ভয়াবহ হতে পারে। স্থানীয় সংস্থা ‘আবরিন’ জানিয়েছে, মৃতরা সম্ভবত সুদানের অভিবাসী।
লিবিয়া বিভিন্ন যুদ্ধ, নিপীড়ন ও দারিদ্র্য থেকে পালানো অভিবাসীদের জন্য ইউরোপে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। তবে দেশটির স্থল ও সমুদ্রপথে তাদের যাত্রা অত্যন্ত বিপজ্জনক। গত বছরও নৌকা ডুবে বহু অভিবাসীর মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, ২০২৪ সালে লিবিয়ায় প্রায় ৭ লাখ ৮৭ হাজার অভিবাসী ও শরণার্থী বসবাস করছিলেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন প্রস্তাব দিয়েছেন, সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর জনবল ৩০ হাজারে উন্নীত করার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা বাড়ানোর।

প্রবাস ডেস্ক 



















