সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের যথাযথ অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা এতে অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বুধবার (৬ নভেম্বর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা বা হলরুম ভাড়া করে, এছাড়া হোটেল-রেস্তোরাঁ বা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিতভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা-সমাবেশ আয়োজনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে বলে দূতাবাস অবহিত হয়েছে।
এ অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো প্রকার সভা-সমাবেশ আয়োজন বা এতে অংশ না নিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। পাশাপাশি সৌদি আরবের আইন, বিধি ও স্থানীয় নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

প্রবাস ডেস্ক 



















