বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিবেশ এখনও পর্যাপ্ত অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। তার মতে, এ ক্ষেত্রে উন্নতির অনেক সুযোগ রয়েছে। পাশাপাশি অবৈধ অভিবাসন বাংলাদেশি পাসপোর্টের মান নিম্নগামী করার অন্যতম কারণ বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত।
সভায় বাংলাদেশ-ইতালি সম্পর্কের বর্তমান চিত্র, সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। শুরুতে সম্পর্কের নানা দিক নিয়ে একটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বলেন, “বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশে এখনও অনুকূল পরিবেশ তৈরি হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপ প্রশংসনীয়। এসব উদ্যোগ যেন নির্বাচনের পরেও অব্যাহত থাকে, সেটিই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “বিদেশি বিনিয়োগ হঠাৎ আসে না। একটি দেশের স্থানীয় শাসন ব্যবস্থা, আইন ও নীতিমালার স্থিতিশীলতা এতে বড় ভূমিকা রাখে। এসব ক্ষেত্রে এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে।”
বাংলাদেশি পাসপোর্টের নিম্ন র্যাংকিং প্রসঙ্গে ইতালির রাষ্ট্রদূত বলেন, “অবৈধ অভিবাসন এই সমস্যার মূল কারণ। অনেক বাংলাদেশি অবৈধ পথে বিদেশে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন, যা পাসপোর্টের মান ক্ষুণ্ন করছে।”
তিনি বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা চাই বাংলাদেশিরা বৈধ পথে ইতালি যাক। অবৈধভাবে যাওয়ার প্রচেষ্টা থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

প্রবাসীর কথা ডেস্ক 



















