ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুযোগ করে দিতে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে পরিপত্র জারি করেছে। এ উদ্দেশ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপও উন্মুক্ত করা হয়েছে, যার মাধ্যমে বিদেশে অবস্থানরত ভোটাররা অনলাইনে আবেদন করে ভোটদানের জন্য নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
অ্যাপ উদ্বোধন
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উদ্বোধন করেন।
সেই দিনই ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্রে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধন করতে নির্দেশনা প্রদান করা হয়।
নিবন্ধন প্রক্রিয়া
পরিপত্র অনুযায়ী,
- নিবন্ধন শুরু: ১৮ নভেম্বর ২০২৫ থেকে
- প্রবাসী ভোটারদের নিজেদের অবস্থানরত দেশের মোবাইল নম্বর ব্যবহার করে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে।
- অ্যাপ থেকে বাংলা বা ইংরেজি ভাষা নির্বাচন করে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা পাওয়া যাবে।
- বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করতে সঠিক ঠিকানা দেওয়া বাধ্যতামূলক।
- ব্যালট প্রেরণ ও যাচাই
- নিবন্ধন সম্পন্ন হওয়া ভোটারদের ঠিকানায় বাংলাদেশ ডাক বিভাগ ব্যালট পেপার পাঠাবে।
খাম পাওয়ার পর ভোটারকে অ্যাপে লগইন করে খামের কিউআর কোড স্ক্যান করতে হবে—এতে প্রাপ্ত ব্যালট পেপারটি সিস্টেমে শনাক্ত হবে।
- ভোট প্রদান প্রক্রিয়া
- প্রতীক বরাদ্দের পর ভোটার অ্যাপে সংশ্লিষ্ট আসনের প্রার্থী তালিকা দেখতে পারবেন।
- ফরম-৭ অনুযায়ী ব্যালটে নির্দিষ্ট প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোট প্রদান করতে হবে।
- ব্যালট পাঠানোর আগে ঘোষণাপত্রে ব্যালট নম্বর, ভোটারের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে স্বাক্ষর করতে হবে।
নিরক্ষর বা অক্ষম ভোটার বৈধ আরেকজন ভোটারের সহায়তা নিতে পারবেন (ফরম-৮)। ঘোষণাপত্র ছাড়া ব্যালট বৈধ হবে না।
ভোট প্রদান শেষে ব্যালটটি নির্ধারিত খামে ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট দ্রুত প্রেরণ করতে হবে।
ব্যালট গ্রহণ ও গণনা
রিটার্নিং অফিসার ডাকযোগে প্রাপ্ত প্রতিটি খামের কিউআর কোড স্ক্যান করে রেকর্ড রাখবেন।
পোস্টাল ব্যালট গণনার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৃথক একটি গণনা কক্ষ প্রস্তুত থাকবে।

প্রবাসীর কথা ডেস্ক 



















