আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে পোস্টাল ভোটার নিবন্ধনের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে এই নিবন্ধন কার্যক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। হাইকমিশনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠনগুলোও এ উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় ২৬ হাজার প্রবাসী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যার দিক থেকে বিশ্বব্যাপী মালয়েশিয়ার অবস্থান এখন তৃতীয়, যদিও প্রবাসী বাংলাদেশির সংখ্যা বিবেচনায় দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরব।
এই প্রেক্ষাপটে মালয়েশিয়ায় অবস্থানরত সকল যোগ্য প্রবাসী নাগরিককে দ্রুত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তারা জানান, সচেতনতা বাড়ানো এবং সরাসরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে নিবন্ধনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
রোববার কুয়ালালামপুরের তিনটি গুরুত্বপূর্ণ রেমিট্যান্স কেন্দ্রে হাইকমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে প্রবাসীদের পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধনে সহায়তা করেন।
এদিকে, কাম্পুংজায়া শাখা বিএনপির উদ্যোগে কাম্পুংজায়া ইন্ডাস্ট্রিয়াল এলাকায় প্রবাসীদের পোস্টাল ভোট বিডি অ্যাপে আবেদন কার্যক্রমে সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতনসহ দলীয় নেতাকর্মীরা।
অন্যদিকে, প্রবাসে থেকেও মাতৃভূমির গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত করার লক্ষ্যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া কুয়ালালামপুরের চেরাস এলাকায় পোস্টাল ভোট বিডি অ্যাপ নিবন্ধন কর্মসূচির আয়োজন করে। একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আশপাশের এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী অংশ নেন এবং সরাসরি সহায়তার মাধ্যমে শতাধিক কর্মজীবী প্রবাসীর নিবন্ধন সম্পন্ন হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার কনভেনর ইঞ্জিনিয়ার আনামুল হক ও সহ-কনভেনর ইঞ্জিনিয়ার মিনহাজ আমিন রনি। সংগঠনের যুগ্ম সচিব মুশফিক আহমেদ চৌধুরী সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। নিবন্ধন কার্যক্রমে ভোটিং সেলের দায়িত্বে ছিলেন ওয়াসিম আকরাম অনিক ও সাইফুল ইসলাম মাসুম।
এ ছাড়া পুরো আয়োজনের সমন্বয় ও বাস্তবায়নে এনসিপি প্রবাসী ভোটিং অ্যাপ সেলের সদস্যরা সক্রিয় ভূমিকা রাখেন। তারা হলেন— ওয়াসিম, মুশফিক আহমেদ, দাউদ ইসলাম, মাসুম, শহীদ, নজমুল, সোহেল, হাদিস, নুরুল ইসলাম সুজন ও মিজান।
সংগঠনটির নেতারা জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মালয়েশিয়া প্রতিনিধি 



















