মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবন লাল-সবুজ রঙিন আলোয় সজ্জিত করা হয়েছে। আলোকসজ্জার এই বিকিরণে ফুটে উঠেছে গৌরবোজ্জ্বল অতীত এবং ভিনদেশের মাটিতে দেশপ্রেমের এক ভিন্ন অনুভূতি।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানের সঙ্গে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেই ঐতিহাসিক বিজয়ের ধারাবাহিকতায় আগামীকাল (১৬ ডিসেম্বর) বাঙালি জাতি বিজয়ের ৫৫তম বছরে পদার্পণ করবে।
বিজয় দিবসের প্রাক্কালে সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবন লাল ও সবুজ রঙের বাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।
আলোকসজ্জায় সজ্জিত চ্যান্সেরি ভবনটি পরিদর্শনে দেশটিতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। এ সময় তারা হাইকমিশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বিজয়ের আলো সবার হৃদয়ে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়াও আগামীকাল বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি স্থানীয় নাগরিকদের মাঝেও উদযাপনমূলক পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
একই সঙ্গে দেশটিতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আনন্দ ও মর্যাদার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

প্রবাসীর কথা ডেস্ক 



















