চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার। এ সময় প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৪৯ লাখ ডলার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি ডিসেম্বরের রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর ডিসেম্বরের প্রথম ২৯ দিনে দেশে এসেছিল ২৫২ কোটি ১০ লাখ ডলার, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ কোটি ১০ লাখ ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২৯ ডিসেম্বরেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ কোটি ৫০ লাখ ডলার। চলতি ২০২৪–২৫ অর্থবছরের জুলাই থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬০৭ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ দশমিক ৭০ শতাংশ বেশি।
অর্থনীতিবিদরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের ধারাবাহিক প্রণোদনা, প্রবাসীদের আস্থা বৃদ্ধি এবং ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
এর আগে চলতি বছরের নভেম্বরে দেশে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলারের বেশি রেমিট্যান্স। অক্টোবরে এ অঙ্ক ছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার। একইভাবে আগস্ট ও জুলাই মাসে প্রবাসীরা যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার পাঠান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















