মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের আগে প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করছে ইন্টার মায়ামি। সম্প্রতি শেষ হওয়া মৌসুমে এমএলএস কাপ জয়ী লিওনেল মেসির দল এবার দক্ষিণ আমেরিকা সফরে প্রাক-মৌসুম কাটাবে।
এই সফরের মধ্যে একটি বিশেষ ম্যাচে ইন্টার মায়ামি মুখোমুখি হবে ইকুয়েডরের বার্সেলোনা এসসি-এর। ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, তারা পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলবে।
প্রথম ম্যাচে ইন্টার মায়ামি খেলবে পেরুর আলিয়াঞ্জা লিমার সঙ্গে, ২৪ জানুয়ারি লিমার আলেজান্দ্রো ভিলানুয়েভা স্টেডিয়ামে।
এরপর ৩১ জানুয়ারি কলম্বিয়ায় মাঠে নামবে আতলেতিকো নাসিওনালের বিপক্ষে, যাদের দুবারের কোপা লিবার্তাদোরেস জয় এবং ১৮বারের ঘরোয়া লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব রয়েছে।
দক্ষিণ আমেরিকা সফরের শেষ ম্যাচ হবে ইকুয়েডরের গুয়ায়াকিলের এস্তাদিও মনুমেন্টাল বাঙ্কো পিচিঞ্চায়, যেখানে ইন্টার মায়ামি মুখোমুখি হবে বার্সেলোনা এসসি-এর। এই ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ একসঙ্গে মাঠে নামবেন, অন্য ‘বার্সেলোনা’র বিপক্ষে।

স্পোর্টস ডেস্ক 



















