ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের ১২১টি দেশে বসবাসরত ৭ লাখ ৬৭ হাজার ২৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর থেকে ধাপে ধাপে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়। প্রায় তিন সপ্তাহের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটারদের জন্য নির্ধারিত সব ব্যালট প্রেরণ শেষ হয়েছে।
বাংলাদেশ ডাক বিভাগের এয়ারপোর্ট সর্টিং অফিসের সহকারী পোস্টমাস্টার জেনারেল শামীম সোহানী বাসসকে জানান, বৃহস্পতিবারের মধ্যেই ইসি থেকে প্রাপ্ত সব পোস্টাল ব্যালট বিদেশে পাঠানোর কাজ সম্পন্ন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ এমিরেটস, মালয়েশিয়ান, সিঙ্গাপুর ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততার সঙ্গে ব্যালটগুলো পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এসব ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক বিভাগ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সমন্বিত প্রচেষ্টায় ‘আউট অব কান্ট্রি ভোটিং’ (ওসিভি) কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে প্রবাসী ভোটার নিবন্ধন সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের মধ্যে প্রায় তিন হাজারের বেশি ব্যক্তি সঠিক ঠিকানা প্রদান না করায় তাদের কাছে ব্যালট পাঠানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন ভোটার নিবন্ধন করেছেন। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর তাদের কাছে ব্যালট পাঠানো শুরু হবে। দেশের অভ্যন্তরে ব্যালট পাঠানো ও ফেরত আসার পুরো প্রক্রিয়ায় প্রায় সাত দিন সময় লাগতে পারে।
সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সম্পূর্ণভাবে ভোটারের দায়িত্ব। কেউ এই গোপনীয়তা লঙ্ঘন করলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে বা স্থায়ীভাবে ব্লক করা হতে পারে।
ইসি কর্মকর্তারা জানান, সর্বশেষ বৃহস্পতিবার রাতে ৯১টি দেশে ৩৯ হাজার ৩৮ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।
দেশভিত্তিক হিসাবে দেখা গেছে, সৌদি আরবে সর্বাধিক ২ লাখ ৩৭ হাজার ৫২৯ জন প্রবাসী ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ১৭৪ জন, কাতারে ৭৫ হাজার ৮৬৯ জন এবং ওমানে ৫৬ হাজার ৬৩ জন প্রবাসী ভোটার এই ব্যালট পেয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী এবং ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন দেশের অভ্যন্তরীণ ভোটার।

প্রবাসীর কথা ডেস্ক 



















