চলতি ২০২৫–২৬ মৌসুমে খেজুর উৎপাদনে নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া। দেশটির কৃষি, পানিসম্পদ ও মৎস্য মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, আসন্ন মৌসুমে খেজুর উৎপাদন প্রায় ৪ লাখ ৪ হাজার টনে পৌঁছাতে পারে, যা আগের ২০২৪–২৫ মৌসুমের তুলনায় ১৬ দশমিক ৩ শতাংশ বেশি।
সম্প্রতি জাতীয় খেজুর মান উন্নয়ন তহবিলের কার্যক্রম পর্যবেক্ষণ কমিটির এক সভায় এই তথ্য তুলে ধরা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী এসেদ্দিন বেন শেখ। এতে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি খেজুর খাতের সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
সভায় কৃষিমন্ত্রী বলেন, তিউনিসিয়ার কৃষি রপ্তানিতে খেজুর একটি গুরুত্বপূর্ণ পণ্য। উৎপাদন বৃদ্ধি ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে জাতীয় খেজুর তহবিল কার্যকর ভূমিকা রাখছে। তিনি জানান, ভবিষ্যতে স্বাস্থ্য ও পরিবেশগত মান বজায় রাখা, আধুনিক সংরক্ষণ ও প্যাকেজিং ব্যবস্থা উন্নয়ন, বাজার সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তহবিলের অর্থ ব্যয়কে অগ্রাধিকার দেওয়া হবে।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, খেজুর উৎপাদনে গবেষণাভিত্তিক বিনিয়োগ বাড়ানো জরুরি। বিশেষ করে বর্তমানে বহুল ব্যবহৃত ‘ডেগলেট নূর’ জাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন জাতের খেজুর উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি হিমাগার ও সংরক্ষণাগারের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
প্রয়োজন অনুযায়ী খেজুর খাতের উন্নয়নে জাতীয় তহবিলের অর্থায়ন আরও বাড়ানোর সম্ভাবনার কথাও আলোচনায় উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক 



















