নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্ক ও থাইল্যান্ডের তিনটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতেই এ চুক্তি সম্পাদন করা হয়েছে।
সোমবার সকালে নোবিপ্রবির উপাচার্যের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এমওইউগুলো স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিস।
চুক্তিবদ্ধ বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো হলো—তুরস্কের হিতিত বিশ্ববিদ্যালয়, ইস্কেন্দেরুন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় এবং থাইল্যান্ডের কাসেতসার্ত বিশ্ববিদ্যালয়।
নোবিপ্রবির পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তুরস্কের হিতিত বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস-রেক্টর প্রফেসর ড. ইসরেফ সাভাস, ইস্কেন্দেরুন টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেক্টর প্রফেসর ড. মেহমেদ দুরুয়েল এবং থাইল্যান্ডের কাসেতসার্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস প্রেসিডেন্ট (রিসার্চ অ্যান্ড ইন্টারন্যাশনালাইজেশন) প্রফেসর ড. ডোকরাক মারোদ।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে নোবিপ্রবিকে অংশীদার বিশ্ববিদ্যালয় হিসেবে নির্বাচিত করায় তুরস্ক ও থাইল্যান্ডের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এই একাডেমিক অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে। এর ফলে নোবিপ্রবির বিজ্ঞানী ও গবেষকরা আন্তর্জাতিক পরিসরে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল হক, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ শিক্ষক ও কর্মকর্তারা।
প্রসঙ্গত, উচ্চশিক্ষা, যৌথ গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থী ও স্টাফ বিনিময়ের মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদার করতেই এই এমওইউগুলো স্বাক্ষরিত হয়েছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















