বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বোর্ড।
বিসিবি সূত্রে জানা গেছে, যেসব ভেন্যুতে সাকিব আল হাসান খেলার মতো শারীরিকভাবে ফিট থাকবেন, সেসব সিরিজে তাকে নির্বাচনের জন্য বিবেচনায় রাখবেন নির্বাচকরা। দেশে কিংবা বিদেশে—আগামী যে কোনো সিরিজ থেকেই তাকে দলে ডাকার সুযোগ থাকবে।
সম্পূর্ণ ফিটনেস নিশ্চিত হলে বাংলাদেশের আসন্ন হোম ও অ্যাওয়ে সিরিজে জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে। একই সঙ্গে তাকে পুনরায় কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে বিসিবি।
সাকিব আল হাসানের চলমান মামলা ও আইনি জটিলতার বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল—এমন তথ্যও জানিয়েছে বোর্ড।
শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষে এসব কথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, সাকিব আল হাসানকে তার প্রাপ্যতা ও ফিটনেসের ভিত্তিতে ভবিষ্যতে দল নির্বাচনের ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে।

স্পোর্টস ডেস্ক 



















