কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে আগের দিন ভিয়ারিয়ালকে হারিয়ে পয়েন্ট তালিকায় বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে এক দিনের ব্যবধানেই আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। নিজেদের মাঠে রিয়াল ওভিয়েদোকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে কাতালানরা।
বার্সেলোনার জয়ে দুর্দান্ত এক গোল করেছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। দলের অন্য দুই গোল করেন দানি ওলমো ও রাফিনিয়া।
দ্বিতীয়ার্ধে করা তিন গোলের এই জয়ের পর ২১ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৫২ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।
পয়েন্ট তালিকার তলানিতে থাকা রিয়াল ওভিয়েদো পুরো মৌসুমে মাত্র দুটি ম্যাচ জিতলেও প্রথমার্ধে হান্সি ফ্লিকের দলকে বেশ ভুগিয়েছে তারা। এই অর্ধে ওভিয়েদোর রক্ষণ ছিল বেশ সংগঠিত, আর বার্সেলোনার পাসিং ছিল তুলনামূলক এলোমেলো।
চোটের কারণে মাঝমাঠের ভরসা পেদ্রি গনসালেস খেলতে না পারায় আক্রমণ গঠনে কিছুটা ভাটার টান ছিল বার্সেলোনার। যদিও বিরতির আগে রাফিনিয়ার একটি শক্তিশালী শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন ওভিয়েদোর গোলরক্ষক অ্যারন এসকানদেল।
দ্বিতীয়ার্ধে গতি বাড়ায় বার্সেলোনা এবং দ্রুতই তার সুফল পায়। ৫২ মিনিটে দলকে এগিয়ে দেন দানি ওলমো। বক্সের ভেতরে ইয়ামাল ও রাফিনিয়াকে সামলাতে গিয়ে ওভিয়েদোর ডিফেন্ডাররা ওলমোকে একা ছেড়ে দিলে সুযোগ কাজে লাগান তিনি।
৫৭ মিনিটে দাভিদ কোস্তাসের দুর্বল ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।
ম্যাচের সেরা মুহূর্তটি আসে ৭৩ মিনিটে। ওলমোর ক্রস পেছনে পড়ে যাচ্ছিল ইয়ামালের। কিন্তু শরীর ঘুরিয়ে অসাধারণ এক সিজার-কিকে বল জালে পাঠান তিনি। নিশ্চিত করেন বার্সেলোনার ৩-০ গোলের দাপুটে জয়।

স্পোর্টস ডেস্ক 



















