দীর্ঘ এক যুগ পর ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা থেকে বিমানের প্রথম ফ্লাইট বিজি-৩৪১ করাচির উদ্দেশ্যে যাত্রা করে। এ উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই রুট চালুর মাধ্যমে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশ যোগাযোগ পুনঃস্থাপিত হলো। সংশ্লিষ্টরা বলছেন, এতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি শিক্ষা, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমান।
বিমানের প্রথম ফ্লাইটটি করাচিতে পৌঁছানোর কথা রয়েছে ২৯ জানুয়ারি স্থানীয় সময় রাত ১১টায়। ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ করাচি থেকে ৩০ জানুয়ারি রাত ১২টা ১ মিনিটে যাত্রা করে একই দিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রথম ফ্লাইটে মোট ১৫০ জন যাত্রী যাত্রা করেছেন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, শীতকালীন সূচি অনুযায়ী ২৯ জানুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে করাচির উদ্দেশ্যে এবং একই দিনে করাচি থেকে ঢাকায় ফ্লাইট পরিচালিত হবে।

প্রবাসীর কথা ডেস্ক 



















