ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রেমিট্যান্স প্রবাহে স্পষ্ট চাঙাভাব দেখা দিয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ৮ দিনেই দেশে এসেছে ১০৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১ দশমিক ০৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স।
এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম ৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৬৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি।
এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
আর গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়ের রেকর্ড।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী—নভেম্বর: ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবর: ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্ট: ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার, জুলাই: ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি বাংলাদেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
অর্থনীতিবিদরা মনে করছেন, হুন্ডি দমন, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠাতে প্রণোদনা এবং রাজনৈতিক প্রেক্ষাপটে অনিশ্চয়তা—এই সবকিছু মিলেই সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহে গতি এসেছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















