চলতি ২০২৫–২৬ অর্থবছরে টানা তৃতীয় মাসের মতো ফেব্রুয়ারিতেও তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ৩০২ কোটি মার্কিন ডলার।
রোববার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি ১০ লাখ ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১০ কোটি ৭৯ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৩১৭ কোটি ডলার এবং তার আগের মাস ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার। অর্থাৎ তিন মাস ধরেই রেমিট্যান্স প্রবাহ তিন বিলিয়ন ডলারের ঘরে অবস্থান করছে।
আরিফ হোসেন খান জানান, গত বছরের ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। সে তুলনায় এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ৪০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ বেড়েছে ২১ দশমিক ৪০ শতাংশ।
উল্লেখ্য, জানুয়ারি মাসে প্রাপ্ত ৩১৭ কোটি ৯ লাখ ডলারের রেমিট্যান্স ছিল দেশের ইতিহাসে একক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়।

প্রবাসীর কথা ডেস্ক 



















