মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র দেশটির মধ্যাঞ্চলে আঘাত করে।
ইসরায়েলের চ্যানেল টুয়েলভের প্রতিবেদনে জানানো হয়, ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী একটি ক্ষেপণাস্ত্র মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হানে। এতে বিস্ফোরণের পর বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের খণ্ড ছড়িয়ে পড়ে বলে দাবি করা হয়েছে।
এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে পড়ে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান মঙ্গলবার পর্যন্ত টানা চতুর্থ দিনে গড়িয়েছে। দুই শক্তিধর দেশের ধারাবাহিক হামলায় ইরানের ভেতরে পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক 



















