মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
শুক্রবার (১৩ মার্চ)সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দেশে ফেরা যাত্রীদের মধ্যে ট্রানজিটে আটকে থাকা যাত্রী ছাড়াও বাংলাদেশ দূতাবাসের কিছু কর্মী ছিলেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় এসব যাত্রী দেশে ফিরতে পারছিলেন না। পরে বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করে।
এর আগে গত ১১ মার্চ এক জরুরি বার্তায় কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরাতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করছে।
দূতাবাস জানিয়েছিল, বিশেষ এই ফ্লাইটে দেশে ফেরার ক্ষেত্রে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। এজন্য আগ্রহী যাত্রীদের তথ্য সংগ্রহ করতে দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুগল ফর্মের লিংকও প্রকাশ করা হয়েছিল।

প্রবাসীর কথা ডেস্ক 



















