রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান।
এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন তামিম। শান্ত ৩৪ বলে ২৭ রান করে আউট হন। এদিন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি তুলে নেন তানজিদ হাসান তামিম। তিনি ১০৭ বলে ১০৭ রান করে আউট হন। এছাড়া লিটন দাস করেন ৪১ রান এবং শেষদিকে তাওহিদ হৃদয় ৪৪ বলে অপরাজিত ৪৮ রান করলে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৯০ রানের সংগ্রহ পায়।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি উইকেট নেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ১৭ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ রিজওয়ান, আর মাজ সাদাকাতকে আউট করেন নাহিদ রানা।
চতুর্থ উইকেটে অভিষিক্ত গাজী ঘোরি ও আবদুল সামাদ ৫০ রানের জুটি গড়েন। পরে সালমান আলী আগা সাদ মাসুদ ও ফাহিম আশরাফকে নিয়ে যথাক্রমে ৭৯ ও ৪৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন।
দারুণ ব্যাটিং করে ৮৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন সালমান আলী আগা। শেষ পর্যন্ত তিনি ৯৮ বলে ১০৬ রান করে আউট হন, যা বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেয়। অন্যদিকে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান।
শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান এবং হাতে ছিল ১ উইকেট। তবে বোলার রিশাদ হোসেন মাত্র ২ রান দিয়ে আফ্রিদিকে আউট করলে পাকিস্তান ২৭৯ রানে অলআউট হয়।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪টি, মোস্তাফিজুর রহমান ৩টি এবং নাহিদ রানা ২টি উইকেট নেন।
এই জয়ের ফলে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে টপকে ১০ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে টাইগাররা।

স্পোর্টস ডেস্ক 



















