প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ বর্তমানে গণতান্ত্রিক রূপান্তরের পথে অগ্রসর হচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন শুধু একটি ভোট নয়, বরং দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে সংস্কার প্রক্রিয়া, ক্রীড়া ও অলিম্পিকভিত্তিক সামাজিক ব্যবসার সম্ভাবনা এবং বৈশ্বিক মানবিক সংকট—বিশেষত রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা গণতন্ত্রকে দৃঢ় ভিত্তি দেবে। তিনি উল্লেখ করেন, প্যারিস ২০২৪ অলিম্পিকে সামাজিক ব্যবসার মডেল প্রয়োগ করা হয়েছে এবং ভবিষ্যতের অলিম্পিক—বিশেষত লস অ্যাঞ্জেলেস আসর—কার্বন নিরপেক্ষ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মেয়র হিদালগো এ সময় ড. ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে বলেন, “আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত।” তিনি রোহিঙ্গাদের জন্য তহবিল বৃদ্ধির ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন, একদিন তারা মর্যাদাসহ নিজ দেশে ফিরতে পারবেন।
ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যার উদ্দেশ্য বৈশ্বিক মনোযোগ আকর্ষণ এবং স্থায়ী সমাধান খোঁজা।
তিনি মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান, যা দুই দেশের মানবিক ও সামাজিক ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করবে। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Reporter Name 


















