‘গণহত্যার দায় থেকে মুক্তি নয়’, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কোনোভাবেই গাজায় সংঘটিত ‘গণহত্যার’ জন্য দায়ীদের দায়মুক্তির পথ হতে পারে না।
মঙ্গলবার স্পেনের জনপ্রিয় রেডিও চ্যানেল কাদেনা সের-কে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেস বলেন, “শান্তি মানে ভুলে যাওয়া নয়, শান্তি মানে দায়মুক্তিও নয়।” তিনি জোর দিয়ে বলেন, “গাজায় সংঘটিত গণহত্যায় যারা মূল ভূমিকা রেখেছে, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। কোনোভাবেই তারা দায়মুক্তি পেতে পারে না।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে সানচেস এই মন্তব্য করেন।
স্পেন ইউরোপের দেশগুলোর মধ্যে গাজায় ইসরায়েলের অভিযানের সবচেয়ে জোরালো সমালোচকদের একজন। গত সেপ্টেম্বরেই দেশটি ঘোষণা দেয়, তারা ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তদন্তে আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
গত সোমবার মিসরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে অংশ নিয়ে সানচেস আবারও বলেন, ইসরায়েল থেকে ও ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর স্পেন যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা এখনো বহাল রয়েছে। তিনি জানান, “শান্তির প্রক্রিয়া সুসংহতভাবে এগোলেই কেবল এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।”
তিনি আরও ইঙ্গিত দেন, গাজায় ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের প্রচেষ্টায় স্পেন সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত।

নিজস্ব প্রতিবেদক 























