সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নাগরিক প্রথম চেষ্টাতেই ভাগ্য খুলে জিতেছেন ২৫০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধকোটি টাকা।
রোববার (২৬ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মনসুর আহমদ নামে ওই বাংলাদেশি প্রবাসী প্রথমবারের মতো বিগ টিকিটের অনলাইন ড্র-এ অংশ নিয়ে স্বর্ণ জেতেন। তার টিকিট নম্বর ছিল ০৫৪৪১১।
মনসুর পেশায় ইলেকট্রিশিয়ান এবং চার বছর ধরে দুবাইয়ে কর্মরত। লটারিতে নিজের নাম ঘোষণার পর তিনি বিস্মিত হয়ে বলেন, “সত্যি? ধন্যবাদ স্যার!”
গালফ নিউজ জানায়, মনসুর প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিগ টিকিটের বিষয়ে জানতে পেরে ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ তৈরি করেন। তারা যৌথভাবে টিকিট কিনেছিলেন। “আমরা একসঙ্গে প্রথমবার টিকিট কিনেছিলাম, আর জিতে গেলাম! এটি সত্যিই অবিশ্বাস্য,” বলেন তিনি।
মনসুর আরও জানান, পুরস্কারের স্বর্ণ গ্রুপের ১০ সদস্যের মধ্যে সমানভাবে ভাগ করা হবে এবং তারা ভবিষ্যতেও লটারি ক্রয় অব্যাহত রাখবেন। বিজয়ের আনন্দে সহকর্মীদের সঙ্গে উদযাপনও করেছেন এই তরুণ প্রবাসী।

প্রবাস ডেস্ক 



















