আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।
তিনি বলেন, “আজ আমরা চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। ৬৪ জেলার ৩০০ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি। কক্ষের হিসাবে পুরুষ ভোটারদের জন্য ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং নারী ভোটারদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।”
ইসি সচিব আরও জানান, অস্থায়ী ভোটকেন্দ্র হিসেবে প্রাথমিকভাবে ১৪টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। গড়ে প্রতি ভোটকক্ষে তিন হাজার ভোটার ভোট দেবেন। প্রয়োজনে পরবর্তীতে এ সংখ্যা সামঞ্জস্য করা হতে পারে।
এর আগে খসড়া তালিকা অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৪৮টি। তুলনামূলকভাবে এবার কেন্দ্রের সংখ্যা বেড়েছে, তবে ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে।

নিজস্ব প্রতিবেদক 



















