প্রবাসে বসবাসরত কমিউনিটির মধ্যে আর্থিক সচেতনতা ও পরিকল্পনার গুরুত্ব তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ‘পার্সোনাল ফাইন্যান্স’ সেমিনার।
রোববার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল হলে বাংলাদেশি-আমেরিকান সোসাইটি অব প্রফেশনালস (বিএসপি) এর আয়োজিত এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বহু প্রবাসী পরিবার, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তা।
সেমিনারের উদ্বোধনী বক্তব্যে জাকির চৌধুরী বলেন, আর্থিক স্বাধীনতা নির্ভর করে সচেতনতা, পরিকল্পনা ও শৃঙ্খলার ওপর। শুধুমাত্র আয় বাড়ালেই নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হয় না, বরং আয়কে কীভাবে পরিচালনা করা হচ্ছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে পারিবারিক বাজেট ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনার বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
বিএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর চৌধুরী বলেন, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় আপনি নিজেই চালকের আসনে। আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার আর্থিক ভবিষ্যৎ নির্ধারণ করে।
তিনি অংশগ্রহণকারীদের জিরো-বেজড বাজেটিং ধারণা বোঝান, যেখানে প্রতিটি ব্যয় নতুন করে পরিকল্পনা করা হয় যেন কোনও অর্থ অপ্রয়োজনে নষ্ট না হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে মোস্তাফিজুর চৌধুরী বিএসপির বর্তমান বোর্ড সদস্যদের পরিচয় করিয়ে দেন। তারা হলেন প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী (ফাউন্ডিং মেম্বার), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাফিজুর চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস) লুৎফুর রহমান, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) ফাজলে রাব্বি চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট (প্রজেক্ট ম্যানেজমেন্ট) আহাদ রনি, ভাইস প্রেসিডেন্ট (টেকনোলজি) তালহা রহমান, ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশনস) মোহাম্মদ ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (ইভেন্ট ম্যানেজমেন্ট) দিলওয়ার হোসাইন, ভাইস প্রেসিডেন্ট (অ্যাকাডেমিক রিলেশনস) মেহেদী হাসান, এবং ভাইস প্রেসিডেন্ট (মেম্বারশিপ) মো. সোহেল রানা।
তিনি বলেন, বিএসপি টিমের প্রতিটি সদস্য প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির জন্য আন্তরিকভাবে কাজ করছে। এই সেমিনার তারই একটি সফল উদাহরণ।
এরপর বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী বাস্তবমুখী আলোচনায় অংশ নেন। তিনি বলেন, নিজের আয়, ব্যয় ও সঞ্চয়ের সঠিক হিসাব রাখা এবং নিয়মিত পর্যালোচনা করা ছাড়া আর্থিক উন্নয়ন সম্ভব নয়। তিনি জরুরি তহবিল, স্বল্পমেয়াদি লক্ষ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির ওপর জোর দেন। তার প্রদর্শিত স্লাইডে বলা হয়- জরুরি তহবিল হিসেবে তিন থেকে ছয় মাসের খরচ আলাদা রাখতে হবে, স্বল্পমেয়াদি লক্ষ্যে ছুটি বা প্রয়োজনীয় কেনাকাটার জন্য পরিকল্পনা করতে হবে, আর দীর্ঘমেয়াদি লক্ষ্যে বাড়ি, শিক্ষা ও অবসর জীবনের জন্য সঞ্চয় তৈরি করতে হবে।
তিনি সাবস্ক্রিপশন বা মাসিক পরিষেবার খরচ নিয়ে সতর্ক করে বলেন, আমি একবার একটি দশ ডলারের সাবস্ক্রিপশন ভুলে গিয়েছিলাম, ১৬ মাসে ১৬০ ডলার খরচ হয়ে যায়। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, ছোট খরচও সময়মতো নজরে না রাখলে বড় ক্ষতি হতে পারে।
এছাড়া তিনি ঋণ ও ক্রেডিট স্কোর ব্যবস্থাপনা সম্পর্কে বলেন, সময়মতো ঋণ পরিশোধ করা, ক্রেডিট ব্যবহারের হার সীমিত রাখা এবং অপ্রয়োজনীয় ঋণ থেকে বিরত থাকা একজন সচেতন ব্যক্তির দায়িত্ব। বক্তৃতার স্লাইডে তিনি তুলে ধরেন ক্রেডিট স্কোর কী এবং কেন তা গুরুত্বপূর্ণ, ভালো ঋণ যেমন শিক্ষাঋণ বা গৃহঋণ এবং খারাপ ঋণ যেমন উচ্চ সুদের ক্রেডিট কার্ড, এগুলোর পার্থক্য বুঝতে হবে। তিনি সময়মতো বিল পরিশোধ, ক্রেডিট ব্যবহারের সীমা কম রাখা এবং অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষে ছিল হালকা নাস্তা ও নেটওয়ার্কিং সেশন, যেখানে অতিথিরা পরস্পরের সঙ্গে মতবিনিময় করেন। সেমিনারের শেষাংশে বিএসপির পরবর্তী আয়োজন হিসেবে ঘোষণা করা হয় ‘ভিক্টরি ডে ইনডোর গেমস ২০২৫’ একটি ক্রীড়া ও কমিউনিটি ইভেন্ট, যা আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে।
এই সেমিনারের মূল বার্তা ছিল নিজের অর্থ ব্যবস্থাপনা নিজের হাতেই রাখা, প্রতিটি ব্যয়ের পরিকল্পনা করা, সাবস্ক্রিপশন বা অপ্রয়োজনীয় খরচের দিকে নিয়মিত নজর রাখা এবং ঋণ ও ক্রেডিট স্কোরের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং ঝুঁকিমুক্ত আনন্দময় রিটায়ারমেন্ট জীবন উদযাপন করা।

প্রবাসীর কথা ডেস্ক 

















