দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি, কোরিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থী পাঠানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বুসান ও গিয়ংনাম অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি গিয়ংনামের গিমহে শহরে অনুষ্ঠিত হয়। স্থানীয় মেয়র অফিসের এক প্রতিনিধি রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
সভায় অংশ নেন প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ, ইপিএস কর্মী, ই–৭ ভিসাধারী পেশাজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা। তারা প্রবাস জীবন, কর্মক্ষেত্র ও কনসুলার সেবা সংক্রান্ত নানা প্রস্তাব ও সমস্যা তুলে ধরেন।
রাষ্ট্রদূত মনোযোগ দিয়ে প্রবাসীদের মতামত শোনেন এবং তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন, “প্রবাসীদের সমস্যায় দ্রুত সহায়তা দিতে দূতাবাস সর্বদা প্রস্তুত। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে দ্বিধা করবেন না।”
সভায় রাষ্ট্রদূত আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
প্রবাসীদের উদ্দেশ্যে তিনি কোরিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. নাজমুল হক। মতবিনিময় শেষে রাষ্ট্রদূত স্থানীয় প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি মসজিদ পরিদর্শন করেন।

প্রবাসীর কথা ডেস্ক 

















