২০২৫ সালে অবৈধ পথে ইতালি প্রবেশ করেছে প্রায় ১৮ হাজার বাংলাদেশি নাগরিক—এ তথ্য জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত “সম্পর্ক জোরদার: বাংলাদেশ–ইতালির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি” শীর্ষক আলোচনায় এ তথ্য তুলে ধরেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, “এ বছর ১৭ হাজার বাংলাদেশি লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেছে, আর সাম্প্রতিক হিসাব অনুযায়ী এই সংখ্যা ১৮ হাজারে পৌঁছেছে। অনেকেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যথাযথ নথি বা কারণ থাকে না।”
তিনি জানান, অভিবাসনই দুই দেশের সম্পর্কের প্রধান ক্ষেত্র। তবে তা অবশ্যই বৈধ পথে হতে হবে। “আমরা বর্তমানে স্বল্প সংখ্যক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছি, কিন্তু ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানো হবে,” বলেন তিনি।
রাষ্ট্রদূত আরও জানান, চলতি বছর ইতালি ৯ হাজার বাংলাদেশিকে ভিসা দিয়েছে, যার মধ্যে ৫৩০ জন শিক্ষার্থী। অতীতে বছরে গড়ে একশর মতো বাংলাদেশি শিক্ষার্থী ইতালির ভিসা পেতেন।
বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গে অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেন, “আমরা আশা করি, ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সংস্কারের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরবে—এই প্রত্যাশা আমাদের।”
তিনি জানান, ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত হলেও সফরটি বাতিল হয়নি। “উনি আসবেন, তবে সম্ভবত এ বছর নয়,” বলেন রাষ্ট্রদূত।
অনুষ্ঠানে বিআইআইএসএস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস স্বাগত বক্তব্য দেন। প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দা রোজানা রশিদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম।

প্রবাসীর কথা ডেস্ক 

















