বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) জাপানের ওকায়ামা শহরে এ চুক্তি স্বাক্ষর হয়।
ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অধ্যাপক আকিও ইজিরি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষে সহ–উপাচার্য আসিক মোসাদ্দিক চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত ছিলেন এবং তিনি এই সমঝোতা স্মারকের কূটনৈতিক ও শিক্ষাগত তাৎপর্য তুলে ধরেন।
বর্তমানে ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের ৬০টি এবং দক্ষিণ কোরিয়ার ৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিনিময় কর্মসূচি রয়েছে। পাশাপাশি ভিয়েতনাম ও থাইল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারত্বের প্রক্রিয়া চলছে।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী বিনিময়, সাংস্কৃতিক সহযোগিতা, যৌথ গবেষণা ও শিক্ষা খাতে অংশীদারত্ব আরও জোরদার হবে। এর ফলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্নাতক পর্যায়ের তৃতীয় ও চতুর্থ বর্ষে জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জাপানে কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে।
চুক্তি অনুযায়ী শিক্ষার্থী বিনিময় কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া ও প্রথম পর্যায়ের সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

প্রবাসীর কথা ডেস্ক 



















