নভেম্বরের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার—অর্থাৎ প্রায় ১ দশমিক ১০ বিলিয়ন ডলার। প্রতিদিন গড়ে এসেছে প্রায় ১১ কোটি ৯ লাখ ডলার।
মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮২ কোটি ডলার, অর্থাৎ এ বছর প্রবৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য হারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু গত ১০ নভেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৫০ লাখ ডলার। চলতি অর্থবছরের (জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত) মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ কোটি ৮০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৫ দশমিক ৪০ শতাংশ বেশি।
এর আগে, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আগস্ট ও জুলাইয়ে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার—যা বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে রেমিট্যান্স আয়ের সর্বোচ্চ রেকর্ড।

প্রবাসীর কথা ডেস্ক 



















