দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী—২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,১৩,৭১৯ টাকা, ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ২,০৪,০০৩ টাকা ।
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য হতে পারে।
এর আগে, গত ১১ নভেম্বর ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা।
এ নিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৭৬ বার সোনার দাম সমন্বয় করা হলো—এর মধ্যে ৫৩ বার বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর (২০২৪) মোট ৬২ বার সোনার দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
অন্যদিকে, সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে—২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩,৪৭৬ টাকা, সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ২,৬০১ টাকা ।
চলতি বছরে এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।

নিজস্ব প্রতিবেদক 



















