মালদ্বীপের কাশিধু উপকূলের কাছে একটি পণ্যবাহী নৌকাডুবিতে মো. আলমগীর (৩০) নামে একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাতে মালদ্বীপ পুলিশ ও জাতীয় প্রতিরক্ষা বাহিনী (MNDF) যৌথ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেছে।
বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন জানান, আলমগীর মাত্র তিন দিন আগে মালদ্বীপে পৌঁছেছিলেন। তিনি বলেন, “আমরা মরহুমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য মালদ্বীপ প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।” মৃত আলমগীর কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নন্দনিয়া গ্রামের বাসিন্দা; তার পিতা মো. নজরুল ইসলাম।
স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, ‘ফয়সালা’ নামের পণ্যবাহী নৌকাটি মঙ্গলবার রাতে কাশিধুর দিকে যাওয়ার সময় ডুবে যায়। নৌকাটিতে ১১ জন আরোহী ছিলেন। ঘটনায় একজন বাংলাদেশি নিহত হন এবং বাকিরা নিরাপদে উদ্ধার হয়েছেন।
মরহুমের আত্মীয় ও প্রবাসী মো. সুমন জানান, “আলমগীর ঋণ করে মাত্র তিন দিন আগে মালদ্বীপে গিয়েছিলেন। তার মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর জন্য আমরা বাংলাদেশ হাই কমিশনের সহায়তা কামনা করছি।”

মালদ্বীপ প্রতিনিধি 

















