বাংলাদেশে ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছে সৌদি আরব। রিয়াদের ইসলাম বিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রী শেখ ড. আব্দুল লতীফ বিন আবদুল আযীজ আল-শাইখ বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় মন্ত্রীর কার্যালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন–এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
বাংলাদেশি মুসলমানদের সেবায় সহযোগিতা বাড়ানোর অনুরোধের প্রেক্ষিতে তিনি ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ইমাম প্রশিক্ষণ কার্যক্রমে সৌদি সরকারের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সৌদি মন্ত্রী বাংলাদেশ–সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করে দ্বীনি দাওয়াত, সচেতনতামূলক কার্যক্রম ও দিকনির্দেশনা প্রদানসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ সৌদি আরবের ইসলামের সহনশীল মূল্যবোধ প্রচারের বৈশ্বিক বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
ধর্ম উপদেষ্টা সৌদি আরবের ইসলাম ও মুসলিম বিশ্বে সেবামূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি দুই পবিত্র মসজিদের সেবা, হজ ব্যবস্থাপনা এবং মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার বিষয়ে সৌদি সরকারের অবদানকে উচ্চভাবে মূল্যায়ন করেন। এছাড়া সৌদি বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশকে প্রদত্ত সহায়তারও প্রশংসা করেন তিনি।
সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ধর্ম উপদেষ্টা।
সাক্ষাতে উপস্থিত ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দায় কনসুল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্ম-সচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা বর্তমানে সৌদি আরবে সরকারি সফরে রয়েছেন।

প্রবাসীর কথা ডেস্ক 

















