সৌদি আরবের রাজধানী রিয়াদে তাকামল হোল্ডিংয়ের প্রধান কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বৈঠক করেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে তাকামলের পেশাগত স্বীকৃতি কর্মসূচির বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সালেম আলমাতরুদ এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদি উপস্থিত ছিলেন।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, সৌদি আরবে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অধীন বিএমইটি এবং তাকামল যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে বিএমইটির সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তাকামল অনুমোদিত ২৭টি টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা নেওয়া হচ্ছে এবং উত্তীর্ণ প্রার্থীদের সনদ প্রদান করা হচ্ছে। শুধু অক্টোবর মাসেই ৫১,৬৫৩ জন কর্মীর দক্ষতা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বিএমইটির সক্ষমতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, সৌদি আরবে ওয়ার্ক ভিসায় আগমনের জন্য তাকামলের দক্ষতা যাচাই সনদ বর্তমানে বাধ্যতামূলক। এখন ৯০ শতাংশ বিদেশি কর্মী এই সনদ নিয়ে দেশটিতে প্রবেশ করছেন, এবং খুব শিগগিরই এ হার ১০০ শতাংশে উন্নীত করা হবে।
বৈঠকে সিনিয়র সচিব জানান, সৌদি আরবগামী অধিকাংশ কর্মীই অর্থনৈতিকভাবে দুর্বল। পরীক্ষার ফি হিসেবে ৫০ ডলার এবং অনুত্তীর্ণ হলে আবার ৫০ ডলার প্রদান তাদের জন্য কষ্টসাধ্য। এ কারণে তিনি অনুত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় দফা পরীক্ষার ফি মওকুফ করার অনুরোধ জানান।
তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বিষয়টি আন্তরিকভাবে পর্যালোচনা ও বিবেচনার আশ্বাস দেন।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া সৌদি শ্রমবাজারের চাহিদা ও মানসম্মত কর্মী প্রস্তুতে তাকামলের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন। সভায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের রিস্কিলিং ও আপস্কিলিং প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়।
বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ডক্টর নাসরিন কাউসার চৌধুরী, বোয়েসেল এর এমডি মো. সাইফুল ইসলাম, কি অবস্থা বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মাদ রেজায়ে রাব্বী উপস্থিত ছিলেন।

প্রবাসীর কথা ডেস্ক 

















