মালয়েশিয়ার নিলাইয়ে মেডিসেরাম এসডিএন বিএইচডি কোম্পানিতে ধর্মঘটের অভিযোগে ১৭২ জন বাংলাদেশি শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। বিষয়টি বাংলাদেশ হাইকমিশনের নজরে আসার পর শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা হিসেবে হাইকমিশন কম্পানির চেয়ারম্যান ও শ্রমিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে।
হাইকমিশন জানিয়েছে, ২০২৩ সাল থেকেই কোম্পানি ও শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল। যদিও ব্যবস্থাপনায় কিছু পরিবর্তনের পর কাজের পরিবেশ উন্নত হয়েছে, তবুও সমস্যা মেটেনি।
কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শ্রমিকরা ছয় দফায় ধর্মঘট করেছেন—১৬-২৩ জানুয়ারি, ৯-২৭ মার্চ, ১৫-২৬ মে, ২৪-২৬ জুন, ১-২ অক্টোবর এবং সর্বশেষ ২৩ অক্টোবর। সর্বশেষ ধর্মঘটের পর ১৭২ জনকে চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে ১৬ জনকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিরা কোম্পানির হোস্টেলে আছেন। এর মধ্যে ১০ জন আবার কাজে যোগ দিয়েছেন, বাকিরা ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
চাকরিচ্যুতি প্রত্যাহার ও অভিযোগ যাচাইয়ের জন্য হাইকমিশন কোম্পানিকে লিখিত অনুরোধ করেছে। পাশাপাশি ১৩ নভেম্বর হাইকমিশনের একটি দল কোম্পানিটি পরিদর্শন করে। নথি যাচাইয়ের মাধ্যমে দেখা গেছে, অক্টোবর ২০২৫ পর্যন্ত সকল শ্রমিককে বেতন পরিশোধ করা হয়েছে।
রেসপন্সিবল বিজনেস অ্যালাইন্সের সুপারিশ অনুযায়ী কোম্পানি ১৮৪ জন বাংলাদেশি শ্রমিককে অভিবাসন খরচ বাবদ ২২,৫০০ রিঙ্গিত (প্রায় ছয় লাখ টাকা) করে ফেরত দিয়েছে। ভিসা নবায়নের আবেদনে ৮৬ জনের ভিসা অনুমোদিত হয়েছে, ৯৮ জনের প্রক্রিয়াধীন। যাদের ভিসা প্রক্রিয়াধীন, তাদের জন্য বিশেষ পাস জারি করা হয়েছে।
শ্রমিকদের একটি প্রতিনিধিদল হাইকমিশনকে জানিয়েছে, তারা মেডিসেরামে আর কাজ করতে চান না এবং কোম্পানি পরিবর্তনে সহায়তা চেয়েছেন। এই বিষয়ে মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
হাইকমিশন তাদের দাবি শ্রম দপ্তরকে জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ করেছে। হাইকমিশনের অনুরোধে কোম্পানি ধর্মঘটরত শ্রমিকদের ইমিগ্রেশনের ছাড়পত্র সাপেক্ষে পুনর্বহালে সম্মতি দিয়েছে। দ্রুত সমাধান না হলে সংশ্লিষ্টরা বাংলাদেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়বেন।
হাইকমিশন জানিয়েছে, মেডিসেরামে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় তারা কোম্পানি ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে।

প্রবাস ডেস্ক 



















