সৌদি আরবে মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। নিহতদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা বলে জানা গেছে।
সৌদি সূত্র জানান, নিহতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে।রোববার স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটের দিকে মক্কা-মদিনা রুটের মুহরাস বা মুফরিহাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুহরাস থেকে মদিনার দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার।
জানা গেছে, তেলেঙ্গানার এই ওমরাহযাত্রীরা মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলেন এবং দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “সৌদি আরবে মক্কা-মদিনা সড়কে দুর্ঘটনায় তেলেঙ্গানার ৪২ জন যাত্রীর মৃত্যুতে মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। নিহতদের পরিচয় নিশ্চিত করতে ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সৌদিতে তাৎক্ষণিক সহায়তা পাঠাতেও প্রস্তুত রাজ্য সরকার।”
হায়দরাবাদের এমপি আসাদউদ্দিন ওয়াইসি ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানান, “ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। আমি সৌদি আরবে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু মতিন জর্জের সঙ্গে কথা বলেছি, তিনি প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফেরানো এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ জানিয়েছি।”

আন্তর্জাতিক ডেস্ক 

















