কাতারের রাজধানী দোহায় চলমান এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে জয়ের ধারা ধরে রেখেছে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশের ‘এ’ দল। সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান মাত্র ৭৮ রানে অলআউট হয়। রিপন মন্ডল ও রাকিবুল হাসানের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে আফগান ব্যাটাররা। টপ-অর্ডারের তিন ব্যাটার—ইমরান, নুর উল রহমান ও সেদিকউল্লাহকে ফিরিয়ে দেন রিপন। ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। মাঝ ও শেষ দিকে রাকিবুল হাসান আক্রমণে যোগ দিলে আরও বিপর্যয়ে পড়ে আফগানরা। বাঁ-হাতি এই স্পিনার ৭ রান দিয়ে নেন ৩ উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান আসে দারউইশ রাসুলীর ব্যাট থেকে।
লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা যদিও খুব সুবিধাজনক ছিল না। ওপেনিংয়ে নামা হাবিবুর রহমান সোহান ব্যক্তিগত ১০ রানে গজনফরের বলে আউট হলে ভাঙে প্রথম জুটি। কিছুক্ষণ পর দলীয় ২৩ রানে ফিরেন আরেক ওপেনার জিসান আলম, সেও করেন ১০ রান। তবে এরপর আর আফগানিস্তানকে সুযোগ দেননি জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে ১৩.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। আবরার ২৪* এবং অঙ্কন ২৭* রানে অপরাজিত থাকেন। আফগানিস্তানের হয়ে দুটি উইকেট নেন গজনফর।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান আরও দৃঢ় করেছে বাংলাদেশ। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪, নেট রান রেট দাঁড়িয়েছে +৪.০৭৯—যা শ্রীলঙ্কা (+১.৩৪১) ও আফগানিস্তান (+০.১২২)-এর চেয়ে অনেক এগিয়ে। ফলে গ্রুপ পর্বে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা এখন অনেকটাই উজ্জ্বল।

গোলাম মাওলা হাজারী, দোহা, কাতার 



















