মালয়েশিয়ায় চলতি বছর বিভিন্ন অপরাধের কারণে ৪৫,৪৪৭ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এছাড়া এক হাজার ৯৩১ জন নিয়োগদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান। তবে গ্রেফতারকৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
মহাপরিচালক জানান, বছরের শুরু থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১২,৪৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২ লাখ ১৩,৪৫৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্যে বিভিন্ন অপরাধে ৪৫,৪৪৭ জনকে গ্রেফতার করা হয় এবং এক হাজার ৯৩১ জন নিয়োগদাতাকে আইনের আওতায় আনা হয়।
গ্রেফতারকৃতদের অপরাধের মধ্যে সবচেয়ে বেশি ধরা পড়ে বৈধ ভ্রমণ নথি না থাকা ও পাসের অপব্যবহার। এছাড়া কিছু ক্ষেত্রে মাদক সংক্রান্ত অপরাধও রয়েছে।
দাতুক জাকারিয়া শাবান বলেন, এসব অপরাধে জড়িতদের ক্ষেত্রে পিএলকেএস বাতিল, পুনর্বাসন এবং নির্বাসন (ডিপোর্ট) কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া পিএলকেএসের অপব্যবহার করে বিভিন্ন খাতে কাজ করার ঘটনা বৃদ্ধি পাওয়ায়, এসবের পেছনে থাকা দালালচক্র শনাক্তে বিশেষ নজরদারি ও তদন্ত শুরু করেছে ইমিগ্রেশন।

মালয়েশিয়া প্রতিনিধি: 

















