এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ হোম ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ লড়াই করছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে চলছে উত্তেজনাপূর্ণ এই ম্যাচ। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্কার ব্রুইজনের দল। বাংলাদেশের একমাত্র গোলটি করেন তরুণ তারকা শেখ মোরসালিন।
ম্যাচের ১২ মিনিটেই গ্যালারিতে বেজে ওঠে উল্লাসধ্বনি। দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে মোরসালিন ও রাকিবের দারুণ ওয়ান-টু পাসে ভারতের ডিফেন্স ভেঙে পড়ে। রাকিবের বাড়ানো বল ধরে ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিংকে পরাস্ত করেন মোরসালিন। বুদ্ধিদীপ্ত প্লেসিংয়ে বল জালে পাঠিয়ে বাংলাদেশের ডাগআউটকে উল্লাসে মাতিয়ে তোলেন তিনি।
গোলের পর কয়েক মিনিট দাপুটে ফুটবল খেললেও পরে কিছু ভুল পাসে নিজেরাই চাপ বাড়িয়ে তোলে বাংলাদেশ। বিশেষ করে ৩১ মিনিটে গোলরক্ষক মিতুলের ভুল ক্লিয়ারেন্সে অরক্ষিত পোস্ট পেয়ে যান ভারতের ফরোয়ার্ড চাংতে। তার শট গোলের দিকে যাচ্ছিল, কিন্তু মুহূর্তের মধ্যে দৌড়ে এসে মাথা দিয়ে অবিশ্বাস্য সেভ করেন হামজা চৌধুরী—যা ম্যাচের সেরা রক্ষাকবচ হয়ে ওঠে।
ভারত কয়েকটি কর্নারের সুযোগ পেলেও বড় কোনো বিপদ তৈরি করতে পারেনি। উল্টো ৪৪ মিনিটে দূর থেকে নেয়া হামজার শক্তিশালী শট অল্পের জন্য পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এদিকে কিছুটা অস্বস্তি বোধ করায় ডিফেন্ডার তারিক কাজীর জায়গায় শাকিল আহাদ তপুকে মাঠে নামান বাংলাদেশ কোচ।
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। তার ছাপ পড়ে মাঠেও। ৩৫ মিনিটে বল দখল নিয়ে বাংলাদেশের তপু এবং ভারতের মিডফিল্ডার বিক্রমের মধ্যে তর্ক-বিতর্ক বাধে। পরে দুই দলের খেলোয়াড়রাই উত্তেজিত হয়ে পরিস্থিতি জটিল করলে রেফারি এগিয়ে এসে দুজনকেই হলুদ কার্ড দেখান।
প্রথমার্ধে দারুণ লড়াই এবং মোরসালিন-হামজার পারফরম্যান্সে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক 



















