মালয়েশিয়ায় ১৭৪ বাংলাদেশিসহ মোট ৪৬৮ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সবুজ চা বাগানঘেরা পর্যটনকেন্দ্র ক্যামেরুন হাইল্যান্ডে সবজি খামারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যামেরুন হাইল্যান্ডের ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল ও সবজি খামারসহ চারটি জোনে এই অভিযান পরিচালিত হয়। এতে ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জন সদস্য ও অভিবাসন কর্মকর্তারা অংশ নেন।
রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানায়, অভিযানের সময় অধিকাংশ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি। ফলে কেউ পালাতেও পারেননি।
মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয় সম্প্রদায়ের অভিযোগের ভিত্তিতে এক মাস আগে অভিযানটির পরিকল্পনা করা হয়। পরে গোয়েন্দা তথ্যে জানা যায়, এই জেলাসহ আশপাশের এলাকা অভিবাসনপ্রত্যাশীদের কর্মকেন্দ্রে পরিণত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য অঞ্চলে তাদের উপস্থিতি স্থানীয়দের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানে মোট ১ হাজার ৮৮৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে মেয়াদোত্তীর্ণ পাস, ভ্রমণ নথিপত্র না থাকা এবং অন্যান্য অভিবাসন–সংক্রান্ত অপরাধের দায়ে ৪৬৮ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে রয়েছেন—মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ার ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে নাগরিক। তাদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং চারজন শিশু। সবার বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে। আটক ব্যক্তিদের কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হবে।
চলতি বছরের শুরু থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অবৈধ অভিবাসন দমনে মালয়েশিয়ায় মোট ৮৩ হাজার ৯৯৪ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।

মালয়েশিয়া প্রতিনিধি 

















