রাজধানীর বংশালে ভূমিকম্পের সময় একটি ভবনের রেলিং ভেঙে পড়ে অন্তত তিনজন পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল সোয়া ১১টার দিকে বংশাল থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বংশালের কসাইতলী এলাকায় পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারীর মৃত্যু হয়।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও অন্যান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭, যা মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসাবাড়ি থেকে দ্রুত রাস্তায় নেমে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে বিভিন্ন ভবন দুলে ওঠে।
কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্প শুরু হতেই পুরো ভবন দুলতে থাকে। জোরে শব্দ হতে থাকে। ঘরের জিনিসপত্র ছিটকে পড়ে। আমরা দৌড়ে নিচে নামতে শুরু করি, কিছুক্ষণ পর কম্পন থেমে যায়।’
পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাসিন্দা সুশান্ত দাস বলেন, ‘জুরি কাজের জন্য নিচে নামছিলাম। হঠাৎ দেখি ভূমিকম্প হচ্ছে। বৈদ্যুতিক খুঁটির প্রচণ্ড দুলুনি দেখে ভয় লাগছিল—মনে হচ্ছিল তার ছিঁড়ে পড়বে। সবাই নিচে নেমে আসে, অনেকে চিৎকারও করছিল।’
গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, নরসিংদী, যশোর, জামালপুর, দিনাজপুর, ঝালকাঠি, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, বাগেরহাট, মাদারীপুর, শেরপুর, সিলেট, ফেনী ও খুলনায় সময় সংবাদ প্রতিনিধিদের পাঠানো খবরে ভূমিকম্প অনুভূত হওয়ার তথ্য পাওয়া গেছে।
পার্শ্ববর্তী ভারতেও কম্পন অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তানেও একই সময়ে ভূমিকম্পের রিপোর্ট পাওয়া গেছে।

প্রবাসীর কথা ডেস্ক 

















