মালয়েশিয়ার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া কুয়ালালামপুরের (ইউটিএমকেএল) ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির (আইএসএস) ২০২৫–২৬ সেশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী আবদুল্লাহ আল নাহিদ। সংগঠনটির ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি নিয়মিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে এই পদে নির্বাচিত হলেন।
আইএসএস-এ আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে ভিপি পদটি সর্বোচ্চ দায়িত্বের হিসেবে বিবেচিত। নির্বাচনে মোট ১ হাজার ২৪৯ ভোটের মধ্যে এককভাবে ৬৮.৭ শতাংশ ভোট পেয়ে নাহিদ নিরঙ্কুশ বিজয়ী হন। সহপাঠীদের আস্থা, কর্মদক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে এগিয়ে রাখে।
২০২৩ সালে স্বেচ্ছাসেবক হিসেবে নাহিদের নেতৃত্বযাত্রা শুরু। পরবর্তী সময়ে তিনি ভাইস ট্রেজারার (২০২৩–২৪) এবং সেক্রেটারি (২০২৪–২৫) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ইউটিএম জোহর ক্যাম্পাসের আইএসএস সেন্ট্রালের মাল্টিমিডিয়া ও প্রোমোশন কমিটির প্রধান ছিলেন তিনি। সময়নিষ্ঠা, পরিকল্পনা ও সমন্বয় দক্ষতার জন্য কর্তৃপক্ষের প্রশংসাও পেয়েছেন।
একাডেমিকভাবে নাহিদ ইউটিএমকেএলে কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অধ্যয়নরত। পাশাপাশি তিনি প্রতিষ্ঠা করেছেন ‘দ্য ল্যাব থার্টিন’—যা একটি উদ্ভাবনভিত্তিক যুব ও সমাজমুখী প্ল্যাটফর্ম। ইউনিসেফ, ইউনেস্কো, আইসেক মালয়েশিয়া, আইএসএসবিডিসহ বিভিন্ন সংগঠনে তার স্বেচ্ছাসেবী কার্যক্রমও দীর্ঘদিনের।
আইএসএপি (ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভান্সমেন্ট প্যানেল) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে নাহিদ আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত সমাধানমূলক সেবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র সংগঠনের সঙ্গে পার্টনারশিপ বৃদ্ধি, এডু-ট্যুরিজম ও ইন্ডাস্ট্রি ভিজিট চালু এবং আরও অন্তর্ভুক্তিমূলক আইএসএস গঠন করার প্রতিশ্রুতি দেন।
বিজয়ের পর নাহিদ বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের সমস্যাবলী সংগ্রহ, বিশ্লেষণ ও দ্রুত সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান তিনি। নেতৃত্ব, ন্যায়নীতি ও স্বচ্ছতা বজায় রেখে একটি কার্যকর, উন্মুক্ত ও সহায়ক ছাত্রসমাজ গঠনে কাজ করবেন।
ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী কমিউনিটি নাহিদের এ অর্জনকে দেশের তরুণ নেতৃত্বের জন্য অনুপ্রেরণাদায়ক ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক অগ্রযাত্রা হিসেবে দেখছে।

প্রবাসীর কথা ডেস্ক 



















