ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৯২ হাজার ৯১৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
রোববার দুপুর সোয়া ১২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে ৭৮ হাজার ১৪ জন পুরুষ এবং ১৪ হাজার ৯০৪ জন নারী ভোটার।
দেশভিত্তিক নিবন্ধন
- যুক্তরাষ্ট্র: ১৭,৬৩৭
- দক্ষিণ কোরিয়া: ৯,৩১৯
- কানাডা: ৮,৩৬৪
- অস্ট্রেলিয়া: ৭,২৭৩
- সিঙ্গাপুর: ৬,৯৩৯
- জাপান: ৬,৭৪৩
- যুক্তরাজ্য: ৫,৭৫৪
- দক্ষিণ আফ্রিকা: ৪,৬৯৬
- ইতালি: ৪,০২৩
ইসি জানায়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় অ্যাপের নিবন্ধন কার্যক্রম সোমবার থেকে পুনরায় শুরু হবে। ঠিকানা সংক্রান্ত ভুল তথ্য দেয়ার কারণে এসব দেশে নিবন্ধন সাময়িক বন্ধ ছিল।
ইসি সচিবলায়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বলেন, বিদেশে ডাকযোগে ব্যালট পৌঁছাতে সঠিক ইংরেজি ঠিকানা ও পোস্ট কোড প্রদান বাধ্যতামূলক। প্রয়োজনে পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঠিকানাও ব্যবহার করা যেতে পারে।
এর আগে ইসি জানিয়েছিল, অনেক প্রবাসী অ্যাপসে ম্যান্ডেটরি ঠিকানা ঘরে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন, যার কারণে ব্যালট পৌঁছানো বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয় ।
২৭ নভেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিশ্বের যেকোনো দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ১৮ নভেম্বর অ্যাপ উদ্বোধনের পর অঞ্চলভিত্তিক পাঁচ দিনের সীমাবদ্ধতা ছিল। প্রবাসীদের সুবিধার জন্য তা তুলে নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি সরকারি কর্মকর্তা, আইনগত হেফাজতে থাকা ভোটার ও নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (ICPV) চালু করা হয়েছে, যেগুলোর সুবিধা পাবেন প্রায় ১০ লাখ ভোটার।
নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে।

Reporter Name 



















