মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর ওপর যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বেলা পৌনে ১১টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়িয়াল খাঁ ব্রিজে পৌঁছালে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অন্তত ১৭ জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথে আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, পেছন থেকে বাসটি জোরে ধাক্কা মারায় সামনের দিকের যাত্রীরা বেশি হতাহত হয়েছেন।
ওসি জহুরুল ইসলাম বলেন, “বাস–ট্রাক সংঘর্ষে তিনজন মারা গেছেন। নিহতদের মরদেহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

প্রবাসীর কথা ডেস্ক 



















