যুক্তরাজ্য সরকার অবৈধভাবে কাজ করার অভিযোগে বাংলাদেশিসহ ৬০ জন টেক-অ্যাওয়ে ডেলিভারি রাইডারকে নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে।
ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, নভেম্বর মাসে দেশব্যাপী পরিচালিত এক সাঁড়াশি অভিযানে ১৭১ জন রাইডারকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৬০ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। খবর বিবিসির।
সীমান্ত নিরাপত্তা মন্ত্রী অ্যালেক্স নরিস বলেন, “যদি কেউ এই দেশে অবৈধভাবে কাজ করে, তাকে গ্রেপ্তার করা হবে এবং অপসারণ করা হবে। ডেলিভারি সেক্টরে অবৈধ কাজ বন্ধ করতে আমরা আরও আইন কঠোর করছি, যাতে এই অপরাধমূলক কার্যকলাপ মূলোৎপাটন করা যায়।”
গ্রেপ্তারকৃতদের বিষয়ে স্বরাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, সোলিহুলে একটি রেস্তোরাঁ থেকে দুই চীনা নাগরিক, পূর্ব লন্ডনের নিউহ্যামে বাংলাদেশি ও ভারতীয় জাতীয়তার চারজন রাইডার এবং নরউইচে ভারতীয় জাতীয়তার তিনজন রাইডারকে আটক করা হয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে বৈধ কর্মীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অবৈধভাবে কাজ করা হচ্ছিল। এ সমস্যা সমাধানে ডেলিভারু, জাস্ট ইট ও উবার ইটসের মতো কোম্পানিগুলো এখন ফেসিয়াল চেকিং (মুখ শনাক্তকরণ) বাড়িয়েছে, যাতে অ্যাকাউন্ট ব্যবহারকারী ও রাইডারের চেহারা মিলে যায়।
গত বছরও অবৈধভাবে কাজের অপরাধে মোট ৮ হাজার জনকে গ্রেপ্তার করা হয়, যা আগের বছরের তুলনায় ৬৩ শতাংশ বেশি।

প্রবাস ডেস্ক 





















