ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত আপডেটে এ তথ্য জানা যায়।
ইসির হিসাব অনুযায়ী, নিবন্ধিত ভোটারদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী। দেশভিত্তিক হিসেবে সৌদি আরবে সর্বোচ্চ ৩৮,২৬৯ জন, আর যুক্তরাষ্ট্রে ১৯,২৭১ জন ভোটার অ্যাপে নিবন্ধন করেছেন।
এদিকে, নিবন্ধনের সময় নিজের বর্তমান ঠিকানা সঠিকভাবে দেওয়ার অনুরোধ জানিয়েছে ইসি। ভুল ঠিকানা প্রদান করলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে তা সংশোধনের আহ্বান জানানো হয়েছে। ঠিকানা ভুল থাকলে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছে কমিশন।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান জানান, বিদেশে ব্যালট পৌঁছাতে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া বাধ্যতামূলক। প্রবাসীরা যে দেশ থেকে ভোট দেবেন, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করেই নিবন্ধন করতে হবে।
এরই মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের নিবন্ধন সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করেছে ইসি। আগে এ সময়সীমা ছিল ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, নির্বাচন-সম্পৃক্ত কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) সুবিধা পাবেন। তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের মেয়াদে এ নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার অ্যাপটি উদ্বোধন করেন এবং ১৪৮টি দেশের জন্য ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

প্রবাসীর কথা ডেস্ক 



















