প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিং নিবন্ধনে সচেতনতা বাড়াতে এবং নাগরিক অধিকার রক্ষায় মালদ্বীপে এক প্রীতি ফুটসাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফোরাম মালদ্বীপ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানী মালেতে এই ম্যাচের আয়োজন করে।
মালের মহানগর পূর্ব ও মহানগর পশ্চিমে বসবাসরত প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যাচে বেলায়েত হোসেনের নেতৃত্বাধীন মহানগর পশ্চিম দল ৩–১ গোলে জয়লাভ করে। আক্রমণ–পাল্টা আক্রমণে ভরপুর এই খেলায় প্রতিটি মুহূর্তে উত্তেজনা ছড়িয়েছে, আর প্রবাসী দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ মুখরিত ছিল।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, প্রবাসীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একই সঙ্গে তিনি প্রবাসীদের নির্বাচন কমিশনের ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোটার নিবন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ তানজীর হোসেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ড. ইসমাঈল হারুন বান্না, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুর সবুর, সহকারী অফিস সম্পাদক মিজানুর রহমান এবং প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি আলমগীর শিকদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রবাস ডেস্ক 



















