মানবজীবনের প্রকৃত সফলতা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাই একজন মুমিনের প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজই হওয়া উচিত সেই মহান সন্তুষ্টির সন্ধানে নিবেদিত। কিন্তু কোন কোন কাজ আল্লাহর কাছে বেশি প্রিয়—এ প্রশ্নটি যুগে যুগে প্রত্যেক ঈমানদারের হৃদয়ে অনুরণিত হয়েছে। যার মাধ্যমে একজন বান্দা সহজ, সুন্দর ও শুদ্ধভাবে তার রবের নৈকট্য অর্জন করতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতার আলোক পথে অগ্রসর হতে পারে।
১. নির্ধারিত সময়ে নামাজ আদায় করা
নবী করিম (সা.) বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নির্ধারিত সময়ে নামাজ পড়া। এরপর পিতামাতার প্রতি সদয় হওয়া ও আল্লাহর পথে জিহাদ করা।(সহিহ বুখারি, হাদিস: ১০৯৫)
২. পিতামাতার প্রতি সদয় হওয়া
আল্লাহ তাআলা বলেন:“আল্লাহর ইবাদত করো এবং মাতা-পিতার সঙ্গে সদয় হও।”(সুরা: নিসা, আয়াত: ৩৬)
৩. সৎকর্মে ধারাবাহিকতা বজায় রাখা
নবী করিম (সা.) বলেছেন, অল্প হলেও নিয়মিত করা আমল আল্লাহর কাছে প্রিয়।(সহিহ মুসলিম, হাদিস: ৭৮৩)
৪. কোরআন তিলাওয়াত করা
কোরআন তিলাওয়াত, মুখস্থ করা এবং অর্থ উপলব্ধি করে জীবনে বাস্তবায়ন করা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ।(সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৭৯)
৫. রাস্তা থেকে ক্ষতিকারক জিনিস অপসারণ করা
রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু অপসারণ করা জান্নাতে প্রবেশের কারণ হতে পারে।(সহিহ মুসলিম, হাদিস: ১৯১৪)
৬. আল্লাহর পথে দাওয়াত
ইসলামের বার্তা প্রচার করা ও মানুষকে আল্লাহর দিকে আহবান করা অত্যন্ত সম্মানজনক।(সুরা: ফুসসিলাত, আয়াত: ৩৩)
৭. বিপদগ্রস্ত ঋণগ্রহীতাকে অবকাশ দেওয়া
যে ব্যক্তি ঋণ পরিশোধে অক্ষম, তাকে সময় দেওয়া বা ঋণ মাফ করা আল্লাহর প্রিয় আমল।(মুসনাদে আহমাদ, হাদিস: ২২৫৫৯)
৮. মানুষের উপকার করা
মুসলিমদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তারা, যারা মানুষের উপকার করে—ক্ষুধা দূর করা, কষ্ট লাঘব করা বা ঋণ পরিশোধে সহায়তা করা।(তবারানি, হাদিস: ৬০২৬)
৯. আল্লাহর স্মরণ (জিকির) করা
আল্লাহকে স্মরণ করা হৃদয়কে প্রশান্ত করে, পাপ মোচন করে এবং তাকওয়া বৃদ্ধি করে।(সুরা: আহজাব, আয়াত: ৩৫; সুনানে বায়হাকি, হাদিস: ৫১৬)
১০. রাতের ইবাদত ও নফল রোজা রাখা
দাউদ (আ.)-এর নিয়ম অনুসারে, এক দিন রোজা রাখা ও রাতের এক-তৃতীয়াংশ সময় তাহাজ্জুদ পড়া আল্লাহর কাছে প্রিয়।(সহিহ বুখারি, হাদিস: ১১৩১)

প্রবাসীর কথা ডেস্ক 

















