মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ মোট ৫৬ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের পাঁচটি জেলায় পরিচালিত এসব অভিযানে অধিকাংশ আটক ব্যক্তি নির্মাণশ্রমিক।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, প্রথম অভিযানে কুয়ালা নেরুস, কুয়ালাতেরেঙ্গানু ও সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে তল্লাশি চালানো হয়। ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই অভিযানে ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৪২ জন বাংলাদেশির ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন অনিয়ম পাওয়া যায় এবং তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা প্রক্রিয়াধীন।
এর মধ্যে—২৭ জন পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘন,১৩ জন বৈধ ভ্রমণ নথি না থাকা,২ জন অনুমোদিত সময়ের বেশি অবস্থানের অভিযোগে আটক হয়েছেন।
আটকদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
এ ছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার ১০টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ১৪ জন অভিবাসীকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে ৫ জন করে, থাইল্যান্ডের ৩ জন এবং মিয়ানমারের ১ জন প্রবাসী রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

মালয়েশিয়া প্রতিনিধি 

















