পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং লিথুয়ানিয়ায় অনাবাসিক রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম লিথুয়ানিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
ওয়ারশভিত্তিক বাংলাদেশ দূতাবাস জানায়, গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত এই সভায় প্রবাসী বাংলাদেশিরা তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রস্তাব রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। রাষ্ট্রদূত সভায় আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দিকনির্দেশনা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন।
এ সময় তিনি বাংলাদেশে ভিসা প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ভিএফএস সেন্টার স্থাপনের অগ্রগতি, দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা, মোবাইল কনস্যুলার সার্ভিসের পরিধি বৃদ্ধি এবং প্রবাসীদের জন্য সেবা আরও সহজ ও কার্যকর করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।
রাষ্ট্রদূত বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের ব্যাংকিং ব্যবস্থা ও অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে অর্থ পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, এতে দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং প্রবাসীরাও নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করতে পারবেন।
মতবিনিময় সভাটি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রবাস ডেস্ক 



















