কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের সামনে এখন একটি ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসে অবস্থান করেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার।
তিনি বলেন, নির্ধারিত অ্যাপ ডাউনলোড ও নিবন্ধন সম্পন্ন করে সময়মতো ভোট প্রদান করলে প্রবাসীরাও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশ নিতে পারবেন। এর মাধ্যমে একটি সুন্দর ও শক্তিশালী বাংলাদেশ গড়ায় প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ীদের একমাত্র সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজিত বার্ষিক পিকনিকে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা সবাই বিদেশে থাকলেও পরিচয়ে আমরা সবাই বাংলাদেশি। দল-মত বা মতাদর্শের বিভাজন নয়, বরং ঐক্য ও দেশপ্রেমের চেতনায় একসঙ্গে কাজ করলেই বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এমাদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ পিকনিকে প্রবাসী বাংলাদেশি পরিবারের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানে নারীরা নিজেদের হাতে তৈরি ভাপা পিঠা, চিতই পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা, সন্দেশসহ নানা রকম ঐতিহ্যবাহী পিঠার আয়োজন করেন।
অনুষ্ঠানে মোহাম্মদ আজিজুর রহমান, হাফিজুর নাহার ছবি, মোহাম্মদ বেলাল হোসেন, প্রকৌশলী মোসায়েদ হোসেন, ইউসুফ পাটোয়ারীসহ কুয়েতে বসবাসরত বিভিন্ন ব্যবসায়ী পরিবার উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য, সংগীত ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৈশভোজের মধ্য দিয়ে কুয়েত সিটি থেকে প্রায় শত কিলোমিটার দূরে গ্রিন সিটি হিসেবে পরিচিত ওয়াফরাহ অঞ্চলটি যেন প্রবাসে এক খণ্ড বাংলাদেশে রূপ নেয়।

কুয়েত প্রতিনিধি: 



















